বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : শিলচর সদর পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই পাচারকারী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে রামনগর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এমজেড ০১এফ ৬০৬৪ নম্বরের একটি চারচাকা গাড়ি তল্লাশি করে ৩৯টি সাবান কেসের ভেতর লুকিয়ে রাখা প্রায় ৪৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
এই ঘটনায় ফাহিম আহমদ বড়ভূইয়া এবং হানিফ আহমদ লস্কর নামে দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের আওতায় অন্যদের নাম উঠে এলে তাঁদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।



