চুরির গাড়ি কেনার অভিযোগে সোনাইয়ে গ্রেফতার দুই

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : চুরির গাড়ি কেনাবেচার অভিযোগে সোনাই পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতরা হল সোনাবাড়িঘাট প্রথম খণ্ডের বাসিন্দা হাসান আহমেদ মজুমদার এবং সোনাই শহরের তুন্দুরকান্দি এলাকার মৃণাল আহমদ বড়ভূইয়া। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সোনাবাড়িঘাটে মহিদুল ইসলাম মজুমদারের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তিনটি অটো গাড়ি, দুটি মোটরসাইকেল এবং একটি বাইকের তেলের ট্যাঙ্ক উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মহিদুল ইসলামের পুত্র হাসান আহমেদ এবং তার এক নিকট আত্মীয় মৃণাল আহমেদকে আটক করে পরে গ্রেফতার করা হয়।

অভিযোগ, ধৃতরা নিয়মিতভাবে চুরির গাড়ি এবং ফাইন্যান্স সংস্থার জব্দ করা যানবাহন কম দামে কিনে সেগুলি মেরামত করে নতুন রূপে বিক্রি করতেন। শ্রীভূমি জেলার একটি গাড়ি চুরির মামলার তদন্তে নেমে সেখানকার পুলিশ সোনাইয়ে আসে এবং সোনাই পুলিশের সহযোগিতায় সোনাবাড়িঘাটে অভিযান চালিয়ে এই চক্রের হদিস পায়।
যদিও ধৃতরা নিজেদের বিরুদ্ধে ওঠা চুরির গাড়ি কেনাবেচার অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *