পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১ জুলাই : জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে অসম মেডিক্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন (আমসা), কাছাড় ইউনিট চিকিৎসা পেশা ও সমাজের প্রতি অসামান্য অবদান রাখা প্রয়াত বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সংগঠনের প্রয়াত সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। এই উপলক্ষে আমসার একটি প্রতিনিধিদল প্রয়াত প্রাক্তন মন্ত্রী দিনেশ প্রসাদ গোয়ালা-র বাসভবনে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। ২০০৯ সালে আমসা ভবন নির্মাণের জন্য তাঁর ৮ লক্ষ টাকার আর্থিক অনুদানের স্বীকৃতিস্বরূপ তাঁর পুত্র উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালার হাতে একটি শ্রদ্ধাঞ্জলি স্মারক অর্পণ করা হয়। এর মাধ্যমে প্রয়াত দিনেশ প্রসাদ গোয়ালার চিকিৎসক সমাজের প্রতি তাঁর মূল্যবান সহযোগিতা ও জনকল্যাণমূলক অবদানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
এছাড়াও, আমসার প্রয়াত সদস্যবৃন্দ ডাঃ প্রদীপকুমার রায়, ডাঃ সুদীপজ্যোতি দাস এবং ডাঃ হরিপদ ভট্টাচার্যের প্রতিও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জনস্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবায় তাঁদের নিষ্ঠা, আত্মনিবেদন এবং অসামান্য অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
আমসা কাছাড় ইউনিটের সভাপতি ডা. অরূপ কুমার পাটোয়া বলেন, জাতীয় চিকিৎসক দিবস কেবল চিকিৎসকদের সম্মান জানানোর দিন নয়, বরং সমাজ ও স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে যাঁরা আজীবন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, তাঁদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করারও দিন। তাঁদের আদর্শ ও কর্মনিষ্ঠা আগামী প্রজন্মের চিকিৎসকদের অনুপ্রাণিত করবে।

এদিন আমসার সভাপতি ডাঃ অরূপকুমার পাটোয়া, সম্পাদক ডাঃ কেশব পাটিকার, সহ-সম্পাদক ডাঃ রোহন বিশ্বাস, সিনিয়র সদস্য ডাঝ রোহিতকুমার সিনহা, ডাঃ চিরশ্রী দেব, ডাঃ সুবর্ণা ভট্টাচার্য, ডাঃ অর্পিতা দেবসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।



