বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : বরাক উপত্যকা ও গুয়াহাটি শহরে আগামী কয়েক দিনে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। মঙ্গলবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, বরাক উপত্যকার কাছাড়, হাইলাকান্দি, শ্রীভূমি এবং ডিমা হাসাও জেলার কিছু বিচ্ছিন্ন এলাকায় বজ্রসহ ঝড়, বিদ্যুৎ চমকানো এবং ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও গুয়াহাটি শহরেও মঙ্গলবার থেকে আগামী ২-৩ দিনের মধ্যে একাধিক দফায় বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে বজ্রপাত ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের জেরে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এর ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে এবং পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ এলাকায় ভূমিধসের সম্ভাবনাও বাড়তে পারে।
পরিস্থিতির উপর নজর রাখছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ)। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থাও।
বর্তমান পরিস্থিতিতে বরাক উপত্যকা ও গুয়াহাটির বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিত্যযাত্রী ও দূরপাল্লার যাত্রীদের প্রবল বর্ষণের সময় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নিচু ও পাহাড়ি এলাকার বাসিন্দাদের বন্যা বা ভূমিধসের সম্ভাব্য লক্ষণের দিকে নজর রাখতে বলা হয়েছে।



