বরাক তরঙ্মগ, ৩১ জুলাই : মণিপুরে চাঁদাবাজির অভিযোগে তিন জঙ্গি গ্রেপ্তার মণিপুরের উপত্যকা অঞ্চলের দুটি জেলা থেকে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠনের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার এক পুলিশ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ইম্ফল পশ্চিম জেলার লামফেল থানার অধীন রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (রিমস)-এর আশপাশ এলাকা থেকে কাংলেই ইয়াওল কান্না লুপ (কেওয়াইকেএল)-এর এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম মাংখোম কেশোকুমার সিং (৪৫), ওরফে ইবুঙ্গো। তিনি ইম্ফল পূর্ব জেলার কংবা মাখা নান্দেইবাম লেইকাই এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন।
এছাড়া, বুধবার ইম্ফল পশ্চিম জেলার থাংমেইবান্দ এলাকায় নিজের বাড়ি থেকে কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (নংদ্রেনখোম্বা)-এর সক্রিয় সদস্য লেইশাংথেম লামংগানবা সিং (২৩), ওরফে নাওবাকে গ্রেপ্তার করা হয়। তিনি থাংমেইবান্দ পোলেম লেইকাই এলাকার বাসিন্দা।
একই দিনে থৌবাল জেলার খোংজোম এলাকা থেকে কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (এমএফএল)-এর সক্রিয় সদস্য মাইবাম রাজকুমার সিং চিনকাং (২৮)-কে আটক করে নিরাপত্তা বাহিনী। তিনি থৌবাল জেলার তেন্থা মাথাক লেইকাই এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের কার্যকলাপের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।



