বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর: গোয়ালপাড়া জেলার লক্ষীপুরে মাছ ধরতে গিয়ে গারোকাটা বিলে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দারিরপার গ্রামের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার মায়ের সঙ্গে গারোকাটা বিলে মাছ ধরতে গিয়েছিল তিন শিশু। কোনও এক সময় মায়ের অজান্তে তারা বিলের জলে তলিয়ে যায়। বিষয়টি নজরে আসার পর স্থানীয় বাসিন্দারা বিলে তল্লাশি শুরু করেন। তল্লাশি চালিয়ে প্রথমে দুই শিশুর দেহ উদ্ধার করা হয়। পরে তৃতীয় শিশুটিকেও উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
মৃত শিশুদের নাম জীতাংকর রাভা, দিয়ামণি রাভা ও নীলগ্রীব রাভা বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারকাজ চালানো হয়। কীভাবে ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।




