বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর: রাজ্যের দুই প্রান্তে পৃথক ঘটনায় একটি গর্ভবতী বুনো হাতি ও প্রায় ছয় মাসের একটি হাতির শাবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোয়ালপাড়ার টাউন রেল স্টেশনের কাছে আনন্দবাজার এলাকার একটি খেতের জমি থেকে গর্ভবতী বুনো হাতিটির মৃতদেহ উদ্ধার করা হয়। হাতিটির মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে হাতির পালের মধ্যে সংঘর্ষের জেরেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে বন বিভাগ।
অন্যদিকে, মরিয়ণির দিচৈ চা-বাগানের রাস্তার পাশে উদ্ধার হয়েছে প্রায় ছয় মাস বয়সি একটি বুনো হাতির শাবকের মৃতদেহ। স্থানীয়দের নজরে আসার পর বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। গিবন বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছাকাছি এলাকায় শাবকটির মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।




