কাটলিছড়ায় নাবালিকা ধর্ষণ ও হত্যাকাণ্ডে তিন অভিযুক্ত গ্রেপ্তার

Spread the news

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : হাইলাকান্দির কাটলিছড়া থানার অন্তর্গত অলইছড়া এলাকায় এক নাবালিকা কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়াদের মধ্যে দু’জন প্রাপ্তবয়স্ক এবং একজন নাবালক রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট গভীর রাতে অলইছড়া এলাকায় নিজ বাড়ি থেকে ওই কিশোরীর মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে কাটলিছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে জেলা সদর থেকে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা ফরেনসিক বিজ্ঞানাগারের (এফএসএল) ক্রাইম সিন বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তদন্তের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হয়।
ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্ত করা হয়। প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদনে কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। পরবর্তীতে আঞ্চলিক ফরেনসিক বিজ্ঞানাগারের (আরএফএসএল) দলও ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)-এর নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়েছে। তদন্তের ভিত্তিতে অপু মালাকার (১৮), জয়দীপ রী (১৯) এবং এক ১৭ বছর বয়সি নাবালককে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তিনজনকেই ছয় দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কাটলিছড়া থানায় মামলা নং ৮৩/২০২৬ রুজু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৬৫(১) ও ১০৩(১) ধারা এবং পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা দায়ের করে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *