কাল থেকে ভাঙার কাজ শুরু, মেহেরপুর মেডিক্যাল রোড চার লেনে উন্নীতকরণে প্রশাসনের মাইকিং

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ আগস্ট :
শিলচরের মেহেরপুর মেডিক্যাল কলেজ সড়ককে দুই লেন থেকে চার লেনে উন্নীত করার কাজ আরও জোরদার করেছে প্রশাসন। আগামীকাল ৫ আগস্ট থেকে অধিগ্রহণকৃত জমিতে পর্যায়ক্রমে উচ্ছেদ ও ভাঙার কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার বীরবল বাজার সংলগ্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে দোকান ও বাড়ির সামগ্রী সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

পূর্ত বিভাগের সড়ক শাখার নির্বাহী প্রকৌশলী অনিরুদ্ধ নাগের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পে প্রশাসন জানিয়েছে, জনসাধারণের দুর্ভোগ কমাতে পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে উচ্ছেদ ও ভাঙার কাজ সম্পন্ন করা হবে।

এদিকে, রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, শিলচরের বিধায়ক রাজদীপ রায় এবং কাছাড় জেলা প্রশাসনের নির্দেশে শিলচর পূর্ত বিভাগের সড়ক শাখা বিভিন্ন সড়কের বড় বড় গর্ত মেরামতের কাজও শুরু করেছে। এতে যান চলাচল আরও নিরাপদ ও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

প্রশাসনের দাবি, মেহেরপুর মেডিক্যাল রোড চার লেনে উন্নীত হলে শিলচর শহরের যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল হবে। পাশাপাশি দীর্ঘদিনের যানজট সমস্যাও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

যদিও উচ্ছেদ ও ভাঙার কাজের সময় সাময়িক অসুবিধার আশঙ্কা রয়েছে, তবুও উন্নয়ন প্রকল্পের স্বার্থে অধিকাংশ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *