এবার সোনা শটপুটে, ভারতের পদক বেড়ে ১০

Spread the news

২৮ জুলাই : কমনওয়েলথ গেমসে সাফল্যের ধারা বজায় রাখলেন ভারতীয় অ্যাথলিটরা। সোমবার ভারতীয় সময়ের মধ্যরাতে ভারতের ঝুলিতে এলো দ্বিতীয় সোনা। মহিলাদের এএফ ৫৭ প্যারা শটপুট ফাইনালে সোনা জিতলেন শর্মিলা ধনকার। ৪০ বছরের শর্মিলা নিজের ইভেন্টে ছয়টি থ্রো করেন। তার মধ্যে সেরা ছিল ৯.৮১ মিটার। আর এই থ্রোই শর্মিলা এবং ভারতকে এনে দিল সোনা। এই ইভেন্ট থেকেই ব্রোঞ্জ জিতলেন ভারতের শিল্পা কে শায়লা। তিনি ৭. ২৬ মিটার থ্রো করেন। পাশাপাশি ভারোত্তোলনে ৭৯ কেজি বিভাগে রূপো জিতলেন ভল্লুরি অজয়বাবু। মাত্র এক কেজির জন্য সোনা হাতছাড়া হয় অজয়ের। স্ন্যাচ এবং ক্লিন এন্ড জার্ক দুই বিভাগ মিলিয়ে অজয় তোলেন ৩৩০ কেজি। কিন্তু মালয়েশিয়ার হিদায়াত মোহাম্মদ ৩৩১ কেজি তুলে সোনা জিতে নেন। পাশাপাশি আরও একটি পদক এসেছে ট্র্যাক এন্ড ফিল্ড থেকে। পুরুষদের হাই জাম্পের ফাইনালে রূপো যেতেন অনিল কুশারে।

এর আগে সোমবার বিকেলে ভারোত্তোলনে জ্ঞানেশ্বরী যাদব এবং বিন্দ্যারানী দেবী যথাক্রমে রূপো এবং ব্রোঞ্জ জিতেছিলেন। ফলে এখনো পর্যন্ত গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে ভারতে ঝুলিতে মোট দশটি পদক হলো। যার মধ্যে রয়েছে দুটি সোনা, পাঁচটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ। এই মুহূর্তে মেডেল তালিকায় ভারত রয়েছে অষ্টম স্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *