বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : শিলচরে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল অভিজিৎ দাস (২৫) ও তার স্ত্রী নিবেদিতা দাস গোয়ালা (২৩)। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫ লক্ষ টাকা নগদ অর্থ, একটি সোনার হার এবং দু’টি কানের দুল।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিজিৎ দাস দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে যুক্ত ছিল এবং তাকে আগেই গ্রেফতার করা হয়। পরবর্তীতে তদন্তে উঠে আসে তার স্ত্রীর নাম, এরপর নিবেদিতাকেও গ্রেফতার করা হয়। দম্পতি শিলচরের রংপুর শান্তিপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করত। শহরের পঞ্চায়েত রোডে সম্প্রতি সংঘটিত এক চুরির ঘটনায় তদন্ত চালিয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ অচ্যুত কুমার ফুকন প্রথমে অভিজিৎকে গ্রেফতার করেন। পরে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়।
এরপর বৃহস্পতিবার শান্তিপাড়ায় তাদের ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে বালিশের ভেতর লুকিয়ে রাখা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে গ্রেফতার করা হয় নিবেদিতাকে। শুক্রবার তাকে আদালতে পেশ করা হলে আদালতের নির্দেশে তাকেও জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, অভিজিৎ বিভিন্ন স্থান থেকে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী চুরি করে আনত এবং সেগুলি লুকিয়ে রাখতে তাকে সহযোগিতা করত তার স্ত্রী। একাধিক চুরির ঘটনায় নিবেদিতার সক্রিয় ভূমিকার অভিযোগও উঠেছে।



