বরাক তরঙ্গ, ১৮ এপ্রিল : সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে তিনসুকিয়ার কাকপথারে। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। দুর্ঘটনায় নিহত দুই যুবকের পরিবারের জন্য ন্যায়বিচার ও চাকরির দাবিও তোলা হয়েছে।
জানা গেছে, শুক্রবার রাতে একটি দ্রুতগতির বলোরো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় গাড়িটি তাদের ধাক্কা মারে। নিহতরা হলেন কাকপথারের প্রাঞ্জিত দাস এবং তেজি গ্রামের শশাঙ্ক মরান। শশাঙ্ক মরান কাকপথার ফুটবল কোচিং সেন্টারের একজন গোলরক্ষক ছিলেন।
দুই যুবক একটি বাইক নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন বলে জানা গেছে। এদিকে, দুর্ঘটনায় জড়িত বলোরো গাড়ির মদ্যপ চালককে আটক করেছে ডুমডুমা পুলিশ।



