বিহু সন্মিলনীর ‘বিহু সম্রাজ্ঞী’ মুকুট সঙ্গীতা রাভার মাথায়

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ এপ্রিল : ঐতিহ্যবাহী লতাশিল খেলপথার-এ অনুষ্ঠিত গুয়াহাটি বিহু সন্মিলনীর বহুল প্রতীক্ষিত ‘বিহু সম্রাজ্ঞী’ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। এবারের প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন সঙ্গীতা রাভা। তাঁর মাথায় উঠেছে ২০২৬ সালের গুয়াহাটি বিহু সন্মিলনীর ‘বিহু সম্রাজ্ঞী’ মুকুট। এই প্রতিযোগিতায় সেরা ঢুলিয়া হিসেবে সম্মান অর্জন করেন প্রতিযোগী কৃষ্ণাশ্রী বুঢ়াগোঁহাইয়ের দলের ঢুলিয়া লাচিত গগৈ। অন্যদিকে, সেরা পেঁপা বাদক হিসেবে সম্মান পান পাহাড়ি বুঢ়াগোহাঁইয়ের দলের পেঁপা বাদক গোবিনচন্দ্র গগৈ।

এর আগে একই স্থানে অনুষ্ঠিত বিহু রানি ও বিহু কুঁওরি প্রতিযোগিতার ফলাফল একদিন আগেই ঘোষণা করা হয়েছিল। গোলাঘাটের কৃষ্ণা হাতীবরুয়া ‘বিহু কুঁওরি’ এবং লখিমপুরের বর্ষা বুঢ়াগোহাঁই ‘বিহু রানি’ উপাধি অর্জন করেন। বিহু সম্রাজ্ঞীর সঙ্গে তাঁদেরও একসঙ্গে পুরস্কার প্রদান করা হয়। বিহু কুঁওরি কৃষ্ণা হাতীবরুয়াকে পুরস্কার হিসেবে দেওয়া হয় মানপত্র, ৩১ হাজার টাকার চেক, রুপোর মুকুট, ট্রফি, সোনার অলঙ্কারসহ আরও নানা উপহার।

অন্যদিকে, বিহু সম্রাজ্ঞী সঙ্গীতা রাভাকে দেওয়া হয় বেজ, দণ্ড, রুপোর মুকুট, সোনার অলঙ্কার, মানপত্র, ১ লক্ষ ১১ হাজার ১০১ টাকার চেক, রানিং ও স্থায়ী ট্রফিসহ একাধিক নগদ পুরস্কার ও উপহার সামগ্রী। এই অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য পরিবেশে বিজয়ীদের সম্মানিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *