বরাক তরঙ্গ, ২২ আগস্ট : যোরাবাটে ক্যাব-ট্যাক্সি চালক সংগঠনের চলমান প্রতিবাদ আপাতত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। মন্ত্রী অতুল বরার সঙ্গে আলোচনার পরই আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেন প্রতিবাদকারীরা। রবিবার সন্ধ্যায় মন্ত্রী নিজে প্রতিবাদস্থলে উপস্থিত হয়ে ক্যাব চালকদের সঙ্গে কথা বলেন। আলোচনায় ক্যাব চালকরা তাঁদের বিভিন্ন দাবি, সমস্যা ও দীর্ঘদিনের অভিযোগ মন্ত্রী অতুল বরার কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন। তাঁদের বক্তব্য শোনার পর বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে আন্দোলনকারীদের পক্ষ থেকে মন্ত্রীর হাতে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়।
মন্ত্রী অতুল বরার সঙ্গে মৌখিক আলোচনার পর আপাতত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেয় ক্যাব চালক সংগঠন। তবে সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আগামীকাল সরকারের সঙ্গে ফের বৈঠকে বসবেন আন্দোলনকারীরা। ওই বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে পরবর্তী কর্মসূচি ও সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট শিলঙে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে রবিবার কয়নাধারার স্টেট গেস্ট হাউসে অসম ও মেঘালয় সরকারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী ড. এস. ধর এবং অসমের মন্ত্রী অতুল বরা নেতৃত্ব দেন। দুই রাজ্যের মধ্যে উদ্ভূত পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।



