শিলচরের বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, পৌঁছে পুলিশ

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : শিলচরের সাউথ সিটি হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রবিবার রাতে উত্তেজনার সৃষ্টি হয়। কাছাড় জেলার কাশীপুরের বাসিন্দা সমির উদ্দিন লস্কর নামে ওই রোগীকে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ভেন্টিলেশনে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

রোগীর মৃত্যুর পর হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হন পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা।

পরিবারের আরও অভিযোগ, রোগীর মৃত্যু হওয়া সত্ত্বেও তাঁদের বিষয়টি জানানো হয়নি। বরং রোগী জীবিত রয়েছেন বলে বোঝানোর জন্য চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি করেন তাঁরা। যদিও পরিবারের তরফে তোলা এই অভিযোগগুলির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ দিকে, হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ১১ অক্টোবর সকালে সমির উদ্দিন লস্কর নামে এক রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময়ই রোগীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এবং চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ঝুঁকি রয়েছে বলে তাঁর পরিবারের সদস্যদের জানানো হয়। পরে তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা শুরু করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসকরা ভেন্টিলেটর সাপোর্ট দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে রোগীর পরিবারের সদস্যরা তাতে সম্মতি দেননি বলে হাসপাতালের নথিতে উল্লেখ রয়েছে। এরপর পরিস্থিতি অনুযায়ী রোগীকে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়। ওই দিন বিকেলে রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি এবং যেকোনও সময় গুরুতর পরিণতি ঘটার আশঙ্কার কথাও পরিবারের সদস্যদের জানানো হয় বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, চিকিৎসার সময় রোগীর জন্য রক্তের প্রয়োজনীয়তার কথা পরিবারের সদস্যদের জানানো হয়েছিল এবং হাসপাতালের তরফে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছিল। এদিকে, রোগীর পরিজনরা আইসিইউতে প্রবেশের অনুমতি চাইলে একবার তাঁদের প্রবেশ করতে দেওয়া হয় বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *