রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ মে : কাছাড় জেলার জিরিঘাট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হল এক মাদক মাফিয়া। বুধবার রাতে বোমা পুঞ্জি এলাকায় পুলিশের অভিযানের সময় এনকাউন্টারে সাইলেন ডঙ্গল নামে এক যুবকের মৃত্যু ঘটে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি নিষিদ্ধ জঙ্গি সংগঠন United Kuki National Army (UKNA)-এর সদস্য ছিল।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া জানান, কয়েকদিন আগে জিরিঘাট এলাকায় মাদক চক্রের গুলিতে পুলিশকর্মী শরিফ হোসেন কাজি গুরুতর আহত হন। ওই ঘটনার পর থেকেই এলাকায় জোরদার তল্লাশি ও অভিযান চালানো হচ্ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে জিরিঘাটের বোমা পুঞ্জি এলাকায় অভিযানে গেলে মাদক মাফিয়াদের সঙ্গে পুলিশের গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে সাইলেন ডঙ্গলের মৃত্যু হয়।
এনকাউন্টারের ঘটনায় নবজিৎ তাঁতী এবং সন্তোষ বিশ্বাস নামে দুই পুলিশকর্মীও গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিনিয়র পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক তদন্তে নিহত সাইলেন ডঙ্গল নিষিদ্ধ জঙ্গি সংগঠন United Kuki National Army-এর সঙ্গে জড়িত ছিল বলে তথ্য পাওয়া গেছে। ঘটনায় আরও তদন্ত চালাচ্ছে কাছাড় পুলিশ।



