হাইলাকান্দিতে আতিথেয়তা ও পর্যটন পাঠ্যক্রম নিয়ে সচেতনতামূলক কর্মসূচি 

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ মে : আসাম বিশ্ববিদ্যালয়ের হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগ হাইলাকান্দি জেলায় বিভাগের কর্মমুখী পাঠ্যক্রমগুলির প্রসারে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। আতিথেয়তা ও পর্যটন শিল্পের ক্রমবর্ধমান সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অ্যাকাডেমিক যোগাযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। এতে নেতৃত্ব দেন বিভাগের প্রধান অধ্যাপক ড. সঞ্জীব কুমার সাক্সেনা। সঙ্গে ছিলেন বিভাগের অধ্যাপক ড. সৌমেন্দ্র নাথ বিশ্বাস, গবেষক দীপজ্যোতি বরা প্রমুখ।

সফরকালে দলটি জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করে এবং বর্তমান প্রতিযোগিতামূলক ও কর্মসংস্থানমুখী পরিবেশে আতিথেয়তা ও পর্যটন শিক্ষার গুরুত্ব তুলে ধরে। সেইসঙ্গে আতিথেয়তা ও পর্যটন ক্ষেত্রে দেশ-বিদেশে বিদ্যমান বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি, শিল্পক্ষেত্রটির ভবিষ্যৎ সম্ভাবনা, বিভাগের আধুনিক পরিকাঠামো, অ্যাকাডেমিক সুবিধা এবং ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ সম্পর্কেও কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষকদের অবহিত করা হয়। সংশ্লিষ্ট শিক্ষকরা আশ্বাস দেন যে তাঁরা শিক্ষার্থীদের এই পাঠ্যক্রম ও সংশ্লিষ্ট কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে আরও সচেতন করে তুলবেন।

প্রচার অভিযানের অংশ হিসেবে দলটি হাইলাকান্দি জেলার শ্রীকৃষ্ণ সারদা কলেজের ড. রতন কুমার, লালা রুরাল কলেজের আইকিউএসি প্রধান ড. এনজি দয়াময় সিংহ এবং এস কে রায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. রাজেন সিংহের সঙ্গে সাক্ষাৎ করে। কলেজ কর্তৃপক্ষ বিভাগের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মসংস্থান ও পেশাগত উন্নয়নের ক্ষেত্রে আতিথেয়তা ও পর্যটন ব্যবস্থাপনা শিক্ষার গুরুত্ব স্বীকার করেন। এই প্রচার অভিযানে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন বিভাগীয় প্রধান অধ্যাপক সাক্সেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *