বিশ্ব সঙ্গীত দিবসকে সামনে রেখে শিবালিক পার্কে সঙ্গীত কর্মশালার সূচনা

Spread the news

বরাক তরঙ্গ, ১১ জুন : আগামী ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন উপলক্ষে শিবালিক পার্কের দুর্গা মণ্ডপের উদ্যোগে এবং শিল্পকলা বিদ্যামন্দিরের পরিচালনায় এক সঙ্গীত কর্মশালার সূচনা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীদুর্গা মণ্ডপ কমিটির সভাপতি ওঙ্করনাথ রায়, শিল্পকলা বিদ্যামন্দিরের অধ্যক্ষ আশীষ তরু পাল, শিবালিক পার্ক ওয়াটার সাপ্লাই কমিটির সভাপতি অঞ্জন স্বামী, শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির সভাপতি সুদীপ্ত দেবরায় এবং বিশিষ্ট শিল্পী সুদীপ্তা ভট্টাচার্য্য ও রতিশ রঞ্জন পাল। অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মশালার শুভ সূচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কর্মশালার আহ্বায়ক অঞ্জন স্বামী বলেন, শিবালিক পার্কে দীর্ঘদিন ধরেই নাটক ও সঙ্গীত বিষয়ক কর্মশালার আয়োজন করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হল সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সকলকে একত্রিত করা এবং সঙ্গীতের প্রতি আগ্রহ বৃদ্ধি করা। তিনি জানান, এর আগে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আয়োজিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশিষ্ট গায়ক বিশ্বজিৎ রায় চৌধুরী।

এবারের কর্মশালার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট শিল্পী সুদীপ্তা ভট্টাচার্য্য। অঞ্জন স্বামী তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সুদীপ্তা ভট্টাচার্য্য অতীতেও এই মণ্ডপে সঙ্গীত পরিবেশন করে সকলকে মুগ্ধ করেছেন। শ্রীদুর্গা মণ্ডপ কমিটির সভাপতি ওঙ্করনাথ রায় বলেন, শিবালিক পার্কে ইতোমধ্যেই একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠেছে। এলাকার বহু প্রতিভাবান শিল্পী বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সমৃদ্ধ করছেন। তিনি কর্মশালার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

অন্যদিকে, শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির সভাপতি সুদীপ্ত দেবরায় শুদ্ধ রবীন্দ্রসঙ্গীত চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, সামাজিক মাধ্যমে অনেক ক্ষেত্রেই রবীন্দ্রসঙ্গীতের যথাযথ পরিবেশনা দেখা যায় না। তাই সঠিক প্রশিক্ষণ ও চর্চা অত্যন্ত প্রয়োজনীয়। তিনি জানান, বিশ্ব সঙ্গীত দিবসের অনুষ্ঠানে কর্মশালায় প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও থাকবে একাধিক আকর্ষণীয় সাংস্কৃতিক আয়োজন। প্রশিক্ষক সুদীপ্তা ভট্টাচার্য কর্মশালায় যুক্ত হতে পেরে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, নতুন শিল্পীদের গান শেখানো এবং তাদের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের বিষয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিম্মি চক্রবর্তী। উদ্বোধনের পর দ্বিতীয় পর্যায়ে সঙ্গীত প্রশিক্ষণ শুরু হয়। এতে প্রায় ৫০ জনেরও বেশি শিল্পী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, আগামী ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে মূল সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশনা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *