বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। স্বাধীনতার গৌরবময় ইতিহাস ও দেশের প্রতি মানুষের ভালোবাসাকে আরও দৃঢ় করতে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও দেশাত্মবোধের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতি নিচ্ছেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলগুলিও এই কর্মসূচিতে অংশ নিচ্ছে। এর ফলে শহর থেকে গ্রাম—সর্বত্রই তেরঙ্গার উপস্থিতিতে এক ভিন্ন আবহ তৈরি হয়েছে।
এই গৌরবময় মুহূর্তে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাও ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে অংশ নেন। তিনি নিজ বাসভবনে জাতীয় পতাকা তেরঙ্গা উত্তোলন করে দেশের প্রতি শ্রদ্ধা ও দেশপ্রেমের বার্তা তুলে ধরেন। তেরঙ্গার প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ সাধারণ মানুষকেও স্বাধীনতা দিবসের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেছে।


