দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
আমড়াঘাট, ২৩ সেপ্টেম্বর: আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আমড়াঘাট (দর্মিখাল গ্রান্ট) দুর্গাবাড়িতে শুরু হল পুজোর প্রস্তুতি। বুধবার দুর্গাবাড়ির দুর্গাপূজা মণ্ডপে ধর্মীয় রীতিনীতি মেনে ঈশান স্থাপন ও ভূমিপূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে পুজোর আনুষ্ঠানিক প্রস্তুতিতে অংশ নেন ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাশ।
পূজা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বিধায়ক অমিয়কান্তি দাশ ঈশান স্থাপন ও ভূমিপূজায় অংশগ্রহণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আসন্ন দুর্গোৎসবের জন্য সকলকে শুভেচ্ছা জানান। দুর্গাপূজার দিনগুলিতে এলাকার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
বিধায়ক বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের মধ্যে মিলন, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বহন করে। তাই সকলের সম্মিলিত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পালংঘাট মণ্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি মৃগাঙ্ক পাল, দুর্গাপূজা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা। ঈশান স্থাপন ও ভূমিপূজার মধ্য দিয়ে আমড়াঘাট দুর্গাবাড়িতে এবারের দুর্গাপূজার প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।



