আট তলা থেকে ঝাঁপ খড়্গপুর আইআইটির তৃতীয় বর্ষের ছাত্রের

Spread the news

১৮ এপ্রিল : খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে ফের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে ক্যাম্পাসের অটল বিহারী বাজপেয়ী হলের আট তলা থেকে ঝাঁপ দেন জয়বীর সিংহ ডোডিয়া নামে এক ছাত্র। ২১ বছর বয়সী ওই যুবক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে খড়্গপুর টাউন থানার অন্তর্গত হিজলি পুলিশ ফাঁড়ির কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আইআইটি কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই পড়ুয়ার পরিবারকে শোকসংবাদ জানানো হয়েছে।

তদন্তে জানা গিয়েছে, মৃত ছাত্রের বাড়ি আমদাবাদের ঘুমা এলাকায়। তিনি ক্যাম্পাসের নেহরু হলের আবাসিক ছিলেন। তবে নিজের হোস্টেল ছেড়ে কেন এবং কীভাবে তিনি অটল বিহারী বাজপেয়ী হলে গেলেন এবং সেখানকার ছাদে পৌঁছলেন, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। পুলিশ বর্তমানে নেহরু হলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে যে, জয়বীর ঠিক কখন সেখান থেকে বেরিয়েছিলেন। পুরো বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *