মালিগাঁওয়ে ম্যানহোলে পড়া মহিলার নিথর দেহ উদ্ধার

Spread the news

বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : গুয়াহাটি মালিগাঁও এলাকায় ম্যানহোলে পড়ে যাওয়া মহিলাকে চার ঘণ্টা পর মৃত উদ্ধার হল। রবিবার রাতে অবিরাম ভারী বৃষ্টির সময় জলমগ্ন অবস্থায় ফুটপাত দিয়ে হাঁটার সময় আচমকাই নালায় তলিয়ে যান ওই মহিলা। জানা যায়, ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ মিটার দূরে একটি খোলা নালার অংশে তাঁকে উদ্ধার করা হয়। দুই যুবক নালার ওই উন্মুক্ত অংশে মহিলাকে দেখতে পেয়ে উদ্ধার করেন। অচেতন অবস্থায় উদ্ধার হওয়া পায়েল নাথ নামের মহিলাকে দ্রুত পাণ্ডু FRU-তে ভর্তি করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত মহিলার বাড়ি ধারাপুর এলাকায় বলে জানা গেছে। রবিবার রাতে প্রবল বর্ষণের জেরে জল উপচে পড়া ফুটপাত দিয়ে হাঁটার সময়ই অসাবধানতাবশত ম্যানহোলে পড়ে যান তিনি।

উল্লেখ্য, রবিবার রাতের মুষলধারে বৃষ্টির ফলে গুয়াহাটি মহানগরের বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়। হাতিগাঁও, রুক্মিণীগাঁও, অনিল নগর, নবীন নগর, গণেশগুড়ি, ছয়মাইল, অম্বিকাগিরি নগর, জুরোড, কাহিলীপাড়া, জটিয়া, বেলতলা, ওয়্যারলেস এবং সিজুবাড়ির বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় চলে যায়।

কৃত্রিম বন্যার জেরে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। বহু মানুষ রাতে কর্মস্থল থেকে বাড়ি ফিরতে না পেরে হোটেল বা পরিচিতদের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন। জল জমে থাকার কারণে বহু যানবাহনও বিকল হয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *