হাইলাকান্দিতে ভোট গণনার প্রস্তুতি সম্পন্ন

Spread the news

বরাক তরঙ্গ, ২ মে : হাইলাকান্দি জেলায় আসন্ন ৪ মে দুইটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনাকে কেন্দ্র করে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। ওইদিন সরকারি ভিএমএইচএস স্কুলে ভোট গণনা অনুষ্ঠিত হবে।শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ১২১ নং হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার মনসুর আহমদ মজুমদার এবং ১২২ নং আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার অন্তরা সেন গণনা সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন। মনসুর আহমদ মজুমদার জানান, হাইলাকান্দি কেন্দ্রে ইভিএম গণনার জন্য ১২টি টেবিল এবং পোস্টাল ও ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট গণনার জন্য ৬টি টেবিল রাখা হয়েছে। এই কেন্দ্রে মোট ২৪ দফায় গণনা সম্পন্ন হবে।

অন্যদিকে, অন্তরা সেন জানান, আলগাপুর-কাটলিছড়া কেন্দ্রে মোট ৩৩৯টি ভোটকেন্দ্র রয়েছে এবং এখানে ২৫ দফায় ভোট গণনা হবে। ইভিএম গণনার জন্য ১৪টি টেবিল এবং পোস্টাল ও ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালটের জন্য ৫টি টেবিল নির্ধারণ করা হয়েছে। উভয় রিটার্নিং অফিসারই জানান, গণনা কেন্দ্রকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৪ মে সকাল ৮টা থেকে পোস্টাল ব্যালট গণনা শুরু হবে এবং সকাল ৮টা ৩০ মিনিট থেকে ইভিএমের ভোট গণনা শুরু হবে।উল্লেখ্য, গত ৯ এপ্রিল এই দুইটি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। হাইলাকান্দি কেন্দ্রে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর আলগাপুর-কাটলিছড়া কেন্দ্রে প্রার্থীর সংখ্যা ১৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *