বিয়ের আগের দিন সড়ক দুর্ঘটনায় মৃত্যু যুবকের, শোকের ছায়া বৈরেংতে এলাকায়

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : বিয়ের আর মাত্র একদিন বাকি। নতুন জীবন শুরুর স্বপ্ন নিয়ে বাড়ি ফিরছিলেন হবু বর। কিন্তু পথ দুর্ঘটনায় অকালে প্রাণ হারালেন ৩০ বছর বয়সি লালরামহ্লুনা। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মিজোরামের বৈরেংতে এলাকায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৈরেংতে ভেংলুনের বাসিন্দা এইচ লালতানপুইয়ার ছেলে লালরামহ্লুনা (৩০) আগামীকাল ১৮ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ কাওনপুই থেকে বৈরেংতের উদ্দেশে ফেরার পথে বিলখাওথলির ও ছিমলুয়াংয়ের মধ্যবর্তী তুইখুরহ্লু এলাকায় তাঁর স্কুটির দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আইজলগামী একটি ম্যাক্সি ক্যাপ গাড়ির সঙ্গে সংঘর্ষে স্কুটিসহ রাস্তায় ছিটকে পড়েন লালরামহ্লুনা। সেই সময় শিলচরগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার পর তাঁকে দ্রুত বৈরেংতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৫৩ মিনিটে তাঁর মৃত্যু হয়।

উল্লেখ্য, সোমবার কাওনপুইয়ে হবু স্ত্রীর পরিবারের কাছে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়েছিলেন লালরামহ্লুনা। পরিকল্পনা অনুযায়ী, বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে বৈরেংতের হল ভেং ইউপিসি গির্জায় তাঁদের বিবাহ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের আগের দিন হবু স্ত্রীর সঙ্গে বিবাহস্থলের উদ্দেশে রওনা হয়ে আর ফেরা হলো না তাঁর। আনন্দের বদলে পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *