মোহনপুর বর্ণিমুখে ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : মোহনপুরের বর্ণিমুখ কুয়ারপার এলাকায় ব্রিজের নিচের একটি ছোট নালা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা নালার মধ্যে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং সেখানে স্থানীয়দের ভিড় জমে যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, মৃতদেহটি দুই থেকে তিন দিন আগের হতে পারে। তবে মৃতদেহটি কীভাবে সেখানে পৌঁছেছে, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নালার স্রোতে অন্য কোনও স্থান থেকে ভেসে এসে মৃতদেহটি সেখানে আটকে পড়েছে, নাকি অন্য কোনওভাবে সেটি সেখানে আনা হয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশি তদন্তের পরই স্পষ্ট হবে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা শুরু হয়েছে। মৃতদেহের পরিচয় বা ঘটনাটি সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় জানানোর জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *