আগরতলা-শিলচর এক্সপ্রেসে নবজাতকের আগমন, রেলকর্মী-সহযাত্রীদের ভূয়সী প্রশংসা

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর। 
বরাক তরঙ্গ, ১৫ জুন : আগরতলা-শিলচর এক্সপ্রেসে যাত্রাকালীন এক প্রসূতি মহিলার নিরাপদ সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্তের সাক্ষী থাকলেন যাত্রীরা। চলন্ত ট্রেনেই হঠাৎ প্রসব বেদনা শুরু হলে সহযাত্রী ও রেলকর্মীরা দ্রুত তৎপর হয়ে প্রসূতির পাশে দাঁড়ান।

সহযাত্রীদের সহযোগিতা এবং রেলকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় ট্রেনের মধ্যেই নিরাপদে এক নবজাতকের জন্ম হয়। পরিস্থিতি সামাল দিতে সকলেই সম্মিলিতভাবে উদ্যোগী হওয়ায় মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। পরবর্তীতে ট্রেনটি শিলচর রেলস্টেশনে পৌঁছালে মা ও নবজাতককে দ্রুত অ্যাম্বুলেন্সে করে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এ সময় শহরের তরুণ সমাজকর্মী সুবীর ধরও সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাঁর সহযোগিতা এবং রেলকর্মীদের সক্রিয় ভূমিকায় মা ও শিশুকে দ্রুত চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়।

ঘটনাটি ট্রেনের যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। উপস্থিত যাত্রীরা জানান, সংকটময় মুহূর্তে সকলের সহমর্মিতা, মানবিকতা ও দ্রুত পদক্ষেপের ফলেই মা ও নবজাতক নিরাপদ রয়েছেন। অনেকেই এই ঘটনাকে বিপদের সময় মানুষের পাশে মানুষের দাঁড়ানোর এক উজ্জ্বল ও অনুকরণীয় উদাহরণ হিসেবে অভিহিত করেছেন। যাত্রী ও রেলকর্মীদের ভূমিকার প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *