বরাক তরঙ্গ, ১১ জুন : গুয়াহাটির বেলতলা এলাকায় এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর নাম সুস্মিতা বসুমতারি। তাঁর বাড়ি উদালগুড়ি জেলার নতুন নলবাড়ি গ্রামে। গুয়াহাটির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। বুধবার সকালে বেলতলার একটি ভাড়া বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর বুধবারই মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তবে সুস্মিতার পরিবার এই ঘটনাকে আত্মহত্যা বলে মানতে নারাজ। নিহতের পিতা দাবি করেছেন, এটি পরিকল্পিত হত্যা। এ ঘটনায় তিনি হাতীগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ পল্টনবাজারের চলাপাড়া রোড এলাকার বাসিন্দা আকাশ প্রসাদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। জানা গেছে, আকাশের সঙ্গে সুস্মিতার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের দাবি, আকাশের আচরণ এবং মানসিক চাপের কারণেই সুস্মিতা চরম পরিণতির মুখে পড়েন।
তদন্তে উঠে এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অভিযোগ, সুস্মিতার সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও আকাশ অন্য এক তরুণীর সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছিলেন। এই বিষয়কে কেন্দ্র করে মঙ্গলবার রাতে বেলতলার ভাড়া বাড়িতে সুস্মিতা ও আকাশের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত প্রায় ১টা পর্যন্ত দু’জনের মধ্যে যোগাযোগ ছিল। কিন্তু বুধবার সকাল ৭টার পর থেকে সুস্মিতার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে রহস্যজনক পরিস্থিতিতে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোররাতের কোনও এক সময় ঘটনাটি ঘটেছে। তবে পরিবারের খুনের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।



