২৩ এপ্রিল : বাংলায় ভোট মানেই উৎসব, আর সেই উৎসব এবার রূপ নিল এক ঐতিহাসিক জলোচ্ছ্বাসে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিকেল ৫টা বাজতেই রেকর্ড ভাঙল বাংলা। ২০১১ সালের পরিবর্তনের সেই ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডকে অনেক পেছনে ফেলে এবার বাংলা কার্যত ‘৯০ নট আউট’। দেশের সমস্ত রাজ্য এমনকি পুদুচেরি ও অসমকেও হার মানাল পশ্চিমবঙ্গ।
সন্ধ্যা ৬টায় দাঁড়ালো ৯২ শতাংশে । যা বাংলার তো বটেই, ভারতীয় রাজনীতিতেই ইতিহাস। রাজ্যের ১৬টি জেলাতেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে, উৎসবের আবহে ভোট দিয়েছেন। সবচেয়ে বেশি ভোট পড়ার রেকর্ড গড়েছে সামশেরগঞ্জ (৯৫.৩৪%) ও ভগবানগোলা (৯৫.৩১%)।
এদিনের ভোটযুদ্ধে জেলাভিত্তিক লড়াইয়ে শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ দিনাজপুর (৯৩.১২%)। কোচবিহারেও ভোটের হার নজরকাড়া। এমনকি পাহাড়েও ভোটের হার এবার যথেষ্ট বেশি; কালিম্পং ও দার্জিলিং যথাক্রমে ৮১.৯৮% ও ৮৬.৪৯% ভোট দিয়ে নজর কেড়েছে। মুর্শিদাবাদ (৯১.৩৬%) ও বীরভূমের (৯১.৫৫%) মতো জেলাগুলোও ৯০ শতাংশের গণ্ডি অবলীলায় টপকে গেছে।



