১১ জুন : ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা হলো মেক্সিকোর মাটিতে। প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন হলো ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। প্রায় ৮৭ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’-এর স্মৃতিবিজড়িত এই ভেন্যু তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকল।
প্রায় আধাঘণ্টাব্যাপী অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ছিল সঙ্গীত, সংস্কৃতি ও আলোকসজ্জার মনোমুগ্ধকর সমাহার। এবারের বিশ্বকাপের উদ্বোধন তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। মেক্সিকোর পর বাকি দুই পর্ব আয়োজন করবে সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা।

মেক্সিকো পর্বের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ার জনপ্রিয় শিল্পী বার্না বয়। তারা বিশ্বকাপের অফিসিয়াল সংগীত ‘দাই দাই’ পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। ফুটবল বিশ্বকাপের সঙ্গে শাকিরার নাম যেন অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে রয়েছে। এবারও তাঁর প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের সুরের আবেশে ভাসিয়ে দেয়।

এছাড়া বিশ্বকাপের আরেকটি মূল সংগীত ‘ডিএনএ’-এর বিশেষ যৌথ পরিবেশনা উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন এবং ইজেএ।
বিশ্ব তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন মেক্সিকোর স্থানীয় শিল্পীরাও। উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের নানা উপাদান তুলে ধরা হয়, যা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। বিশ্বকাপের বর্ণাঢ্য সূচনার মাধ্যমে ফুটবল উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।



