এনএন দত্ত রোডে গণেশ চতুর্থীর মণ্ডপ ও প্রতিমার উদ্বোধন
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : শিলচরের এনএন দত্ত রোডে স্বর্ণশিল্পী ঐক্য গণেশ পূজা কমিটির উদ্যোগে সোমবার সন্ধ্যায় গণেশ চতুর্থীর চতুর্থ অধিবাস উপলক্ষে মণ্ডপ ও গণেশ প্রতিমার উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মণ্ডপ ও প্রতিমার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ। প্রদীপ প্রজ্বলন ও পূজার্চনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এদিন কমিটির পক্ষ থেকে স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজকে উত্তরীয় ও চাদর পরিয়ে সম্মান জানানো হয়। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত গৌতম রায়, গোপাল দেব, স্বপন পাল, সানি বণিক ও রাজেশ পালকেও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ বলেন, সনাতন ধর্মে যে কোনও শুভকাজ বা মাঙ্গলিক অনুষ্ঠানের সূচনায় গণেশপূজার প্রচলন রয়েছে। গণেশ জ্ঞান, অক্ষর ও বুদ্ধির দেবতা। তিনি ঋদ্ধি-সিদ্ধির অধিপতি এবং শুভ ও লাভের প্রতীক। ভক্তদের বিশ্বাস, গণেশের আরাধনার মাধ্যমে জীবনের অন্ধকার দূর হয় এবং জীবনে মঙ্গল ও আশীর্বাদ নেমে আসে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় ফকিরা গ্রুপের সঙ্গীত পরিবেশিত হয়। পাশাপাশি ত্রিপুরার প্রখ্যাত বাউল শিল্পীদের পরিবেশিত বাউল গান উপস্থিত ভক্ত ও দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।
অনুষ্ঠানে কমিটির সভাপতি স্বপন কুমার পাল, সম্পাদক সানি বণিক, কোষাধ্যক্ষ রাজেশ চন্দ্র পাল (রাখুন), সুজিত দেবনাথ, রাজেশ পাল, মধুসূদন পাল, রাজীব সাহা (বাপ্পী), গৌতম দেব, বলরাম ধর, রূপন বণিক, সূদন পাল, সুবোধ পাল, প্রণয় পাল, শ্যামল দেবনাথ, অজয় দেবনাথ, প্রদীপ দেবনাথ, শংকর সরকার, গোপাল বণিক, পিঙ্কু দেব-সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



