বদরপুর রেলস্টেশনে মানব পাচারের সন্দেহজনক চেষ্টা! মিজোরামের দুই নাবালিকা সহ এক তরুণীকে উদ্ধার

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : বদরপুর রেলস্টেশনে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এবং সরকারি রেলওয়ে পুলিশের (GRP) তৎপরতা ও যৌথ অভিযানে মানব পাচারের একটি সন্দেহজনক ঘটনা সামনে এসেছে। শুক্রবার রাতে পরিচালিত এই অভিযানে মিজোরামের দুই নাবালিকাসহ এক তরুণীকে উদ্ধার করার পাশাপাশি তাঁদের নিয়ে যাওয়ার অভিযোগে ত্রিপুরার এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ত্রিপুরার তেরন সিং রিয়াং নামের ওই যুবক রেলপথে মিজোরামের দুই নাবালিকাসহ এক তরুণীকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। স্টেশনে তাঁর সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই RPF ও GRP-র জওয়ানরা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরবর্তীতে যুবকের সঙ্গে থাকা নথিপত্র পরীক্ষা করতে গিয়ে বেশ কয়েকটি অসংগতি ধরা পড়ে। এরপর উদ্ধার হওয়া দুই নাবালিকাকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনাটি নিয়ে পুলিশের সন্দেহ আরও গভীর হয়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরাও ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁদের উপস্থিতিতে উদ্ধার হওয়া তিনজনের কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করা হয়।

পুলিশি জেরায় নাবালিকারা জানায়, স্পা সেন্টারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁদের নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এই তথ্য সামনে আসার পর ঘটনার পিছনে মানব পাচার চক্রের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার প্রয়োজনীয়তা আরও বেড়েছে।

উল্লেখ্য, উদ্ধার হওয়া তিনজনের মধ্যে দুজন নাবালিকা হওয়ায় পুলিশ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে এই সন্দেহজনক পাচারচেষ্টার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, আটক যুবকের সঙ্গে তাঁদের সম্পর্ক কী এবং প্রকৃতপক্ষে তাঁদের কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল, তদন্তের পরই সেই সমস্ত বিষয় স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *