শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি রাজনৈতিক নাটক, সংসদে শিক্ষা সংস্কার নিয়ে আলোচনা হোক: সুস্মিতা

Spread the news

২৩ জুলাই : বিজেপির রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে খারিজ করে দিয়ে একে “রাজনৈতিক নাটক” বলে মন্তব্য করেছেন। তাঁর দাবি, বিরোধীদের এই অবস্থান দেশের শিক্ষা ব্যবস্থার প্রকৃত সংস্কারের উদ্দেশ্যে নয়।
নিট (NEET) পরীক্ষাকে ঘিরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র প্রতিবাদের প্রসঙ্গে সুষমিতা দেব বলেন, দায়িত্বশীল বিরোধী দলের উচিত পদত্যাগের দাবি তোলার পরিবর্তে সংসদে গঠনমূলক আলোচনা এবং শিক্ষা নীতির সংস্কার নিয়ে মতামত তুলে ধরা।

তিনি বলেন, “শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বিরোধী জোটের রাজনৈতিক অবস্থান মাত্র। যদি তারা সত্যিই শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন হয় এবং সংস্কার চায়, তাহলে বিষয়টি নিয়ে সংসদে আলোচনায় অংশগ্রহণ করা উচিত।” কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও কটাক্ষ করে সুস্মিতা দেব বলেন, “নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরাজিত করতে না পেরে এখন তারা জেন-জেড ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে।”

লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর শিক্ষা সংস্কার নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি সংসদে তুলে ধরা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, “রাহুল গান্ধী কী ধরনের শিক্ষা সংস্কার চান, তা সংসদে স্পষ্টভাবে জানানো উচিত। ছাত্ররা বাইরে প্রতিবাদ করতে পারে, কিন্তু আপনি বিরোধী দলনেতা। আপনার পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি দেশের সামনে তুলে ধরুন। আমরা তা শুনতে চাই।”

সুস্মিতা দেব আরও বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জনস্বার্থের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর ভাষায়, “পদত্যাগের দাবি মূলত অহংকারপ্রসূত রাজনৈতিক লড়াই, এর বেশি কিছু নয়।”

উল্লেখ্য, নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিরোধী দলগুলি কেন্দ্রের জবাবদিহি দাবি করে আন্দোলন জোরদার করেছে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *