বিজেপিতে যোগ দিলেন সুস্মিতা-সুখেন্দু-প্রকাশ

Spread the news

৯ জুলাই : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুস্মিতা দেব সহ তিনজন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন তিনজনেই। এদিন সল্টলেকে রাজ্য বিজেপির সদর দপ্তরে গিয়ে সুস্মিতা দেব, সুখেন্দুশেখর ও প্রকাশ চিক বরাইক পদ্মশিবিরে যোগ দেন। তাঁদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এই যোগদানের কথা ঘোষণা করেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন তিনি ফের তাঁর ‘ভালো তৃণমূল’ মন্তব্যের ব্যাখ্যাও দেন।

তিন প্রাক্তন তৃণমূল সাংসদের বিজেপিতে যোগদান ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে আসন্ন রাজ্যসভা উপনির্বাচনে তাঁদের মধ্যে কেউ বিজেপির প্রার্থী হতে পারেন কি না, তা নিয়েই চর্চা তুঙ্গে। সেই সম্ভাবনা বাস্তবায়িত হলে, তাঁরা ফের রাজ্যসভায় ফিরতে পারেন, তবে এবার বিজেপির প্রতীকে।

উল্লেখ্য, গত মাসে পরপর তিন তৃণমূল সাংসদের পদত্যাগের ফলে রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ২৪ জুলাই সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বিধানসভায় সংখ্যার অঙ্ক এবং তৃণমূল শিবিরে ভাঙনের জেরে এবার তিনটি আসনই বিজেপির দখলে যেতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। এমন পরিস্থিতিতে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের বিজেপিতে যোগদানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *