এক বছরের রিপোর্ট কার্ড প্রকাশ কণাদের, তুলে ধরলেন উন্নয়নের খতিয়ান

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ জুলাই :
রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে নিজের কাজের বিস্তারিত রিপোর্ট কার্ড প্রকাশ করলেন অসম থেকে নির্বাচিত বিজেপির রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থ। বৃহস্পতিবার শিলচরের কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি গত এক বছরের কর্মকাণ্ড, সংসদীয় ভূমিকা এবং বরাক উপত্যকার উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন।

কণাদ পুরকায়স্থ জানান, ২০২৫ সালের ১২ জুন তিনি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর থেকে আসাম, বিশেষ করে বরাক উপত্যকার উন্নয়ন এবং বিভিন্ন দীর্ঘদিনের দাবিদাওয়া কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরতে তিনি ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন।

তিনি বলেন, গত এক বছরে রাজ্যসভায় তাঁর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এই সময়ে তিনি প্রায় ৬৩টি বিভিন্ন বিতর্কে অংশগ্রহণ করেছেন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিলের আলোচনায় নিজের মতামত তুলে ধরেছেন। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করে বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক প্রকল্পের দাবি জানিয়েছেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করে তিনি লঙ্কা–ময়নারবন্দ নতুন রেললাইন দ্রুত বাস্তবায়ন, দুধপাতিলে নতুন রেলস্টেশন নির্মাণ, আইসিএফ কোচের পরিবর্তে এলএইচবি কোচ চালু, নতুন ট্রেন পরিষেবা, বরাক উপত্যকা ও অসমের গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ট্রেনের স্টপেজ বৃদ্ধি এবং রেল পরিকাঠামোর উন্নয়নের দাবি জানান।

এছাড়াও শিলচরে এমস-মানের রিমস হাসপাতাল স্থাপন, শ্রীভূমিতে বিজ্ঞান গবেষণা কেন্দ্র, ডলুতে গ্রিনফিল্ড প্রকল্প, কুম্ভীরগ্রাম বিমানবন্দরে রাতের বিমান পরিষেবা চালু, বিকল্প রেললাইন নির্মাণ এবং শিল্প স্থাপনের বিষয়েও তিনি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি উত্থাপন করেছেন বলে জানান। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎকালে এসব বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সাংসদ আরও জানান, শিলচর রেলওয়ে স্টেশনের নাম ‘ভাষা শহিদ স্টেশন, শিলচর’ করার দাবি, শিলচরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ, দুধপাতিলে রেল ডিভিশন স্থাপন, ভূবন তীর্থ, শনবিল, খাসপুর রাজবাড়ি ও চাতলাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রের উন্নয়ন, গ্রামীণ এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বিএসএনএলের ২৮৭টি মোবাইল টাওয়ার স্থাপন এবং শিলচর দূরদর্শন কেন্দ্র পুনরায় চালুর বিষয়েও তিনি উদ্যোগী ভূমিকা পালন করেছেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা বলেন, সাংসদ হিসেবে এক বছরে কণাদ পুরকায়স্থ অত্যন্ত সক্রিয় ও সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বরাক উপত্যকার স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে তাঁর উদ্যোগ প্রশংসনীয়। এদিনের সাংবাদিক সম্মেলনে জেলা সাধারণ সম্পাদক অমিতাভ রায় ও গোপাল রায়ও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *