বরাক তরঙ্গ, ৭ আগস্ট : শিবসাগর, চরাইদেও, গোলাঘাট ও যোরহাট জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাল সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (কমিউনিস্ট) বা এসইউসিআই (কমিউনিস্ট)। এ দাবিতে দলের পক্ষ থেকে শুক্রবার আসাম সরকারের মুখ্যসচিবের কাছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এসইউসিআই (কমিউনিস্ট)-এর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সুরত জামান মণ্ডলের নেতৃত্বে অজিত আচার্য, শিশির কুমার কাকতি ও জিতেন্দ্র চলিয়া মুখ্যসচিবের কাছে স্মারকলিপিটি তুলে দেন।
স্মারকলিপিতে দাবি করা হয়েছে, গত ১৯ জুলাই থেকে আসামের বিভিন্ন জেলায়, বিশেষ করে শিবসাগর ও চরাইদেওতে, ভয়াবহ বন্যায় বহু মানুষের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি ও সম্পত্তি, প্রাণহানি ঘটেছে গবাদি পশুরও। দলের দাবি, বেশ কিছু এলাকা ৪ থেকে ৫ ফুট পলিমাটি ও কাদার নিচে তলিয়ে গেছে।
এসইউসিআই-এর অভিযোগ, তথাকথিত উন্নয়নের নামে অবৈধভাবে কয়লা খনন এবং পাথর, বালি ও মাটি উত্তোলনের ফলে পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছে। এর জেরে অতিবৃষ্টি ও ভূমিধসের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়।
দলের অভিযোগ, উদ্ধার ও ত্রাণকার্যে যথাযথভাবে সেনাবাহিনী মোতায়েন করা হলে আরও বহু মানুষের জীবন রক্ষা করা সম্ভব হতো। বর্তমানে নদীর বাঁধ, রাস্তা ও বিভিন্ন ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া দুর্গত মানুষ পর্যাপ্ত খাদ্য, বস্ত্র, পানীয় জল, চিকিৎসা পরিষেবা ও ওষুধের অভাবে চরম দুর্ভোগে রয়েছেন বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার বন্যাদুর্গতদের প্রয়োজনীয় সহায়তা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।
এসইউসিআই-এর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে বন্যায় নিহত প্রত্যেকের নিকটাত্মীয়কে অবিলম্বে অন্তত ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি ত্রাণশিবিরে থাকা দুর্গতদের জন্য বিনামূল্যে পর্যাপ্ত খাদ্য, বস্ত্র, পানীয় জল, চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গণরান্নাঘর ও খাদ্য বিতরণ কেন্দ্র চালু রাখারও দাবি জানানো হয়েছে।
এছাড়া সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত বা পলিমাটির নিচে চাপা পড়ে যাওয়া ঘরবাড়ি, স্কুল ও কলেজ সরকারি উদ্যোগে পুনর্নির্মাণের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। পরবর্তী চাষাবাদের জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে গবাদি পশু, বীজ, সার ও কীটনাশক সরবরাহ এবং বন্যায় ধ্বংস হয়ে যাওয়া ঋণনির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলির পূর্বের ঋণ মওকুফেরও দাবি জানায় দলটি। পাশাপাশি পুনরায় ঋণ দিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসাগুলিকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের সমস্ত কার্যকলাপ অবিলম্বে বন্ধ করা এবং আসামের ভয়াবহ বন্যা ও নদীভাঙন সমস্যার বৈজ্ঞানিক ও স্থায়ী সমাধানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দাবিও জানানো হয়েছে এসইউসিআই (কমিউনিস্ট)-এর পক্ষ থেকে।



