মোহাম্মদ জনি পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর: খাগড়া বাজার, ঝেরঝেরি ও বালিপিপলা জিপির যৌথ উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে কৃষ্ণেন্দু পাল নকআউট ফুটবল টুর্নামেন্ট সিজন ২০২৬। শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে লালটিনবুল বিদ্যা মন্দির হাইস্কুলের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কটামণি আয়োময়ো ক্লাব ও দশ ডাব্বা একাদশ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় প্রতিভাবান তরুণ ফুটবলারদের নিয়মিত খেলার সুযোগ ও নিজেদের দক্ষতা প্রদর্শনের মঞ্চ তৈরি করাই এই প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য। পর্যাপ্ত সুযোগের অভাবে অনেক প্রতিভা স্থানীয় পর্যায়েই সীমাবদ্ধ থেকে যায়। মাঠে নিয়মিত খেলার সুযোগ পেলে তরুণদের আত্মবিশ্বাস বাড়বে এবং তাঁদের প্রতিভা আরও বিকশিত হবে বলে আশা আয়োজকদের।
প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি খেলোয়াড়দের উৎসাহিত করবে এবং মাঠে একটি সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তুলবে বলে মনে করছেন আয়োজক কমিটির কর্মকর্তারা।



