বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : করিমগঞ্জ শহরে বিহু নৃত্যশিল্পীদের দলের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানাল এসইউসিআই (কমিউনিস্ট) দলের আসাম রাজ্য কমিটি। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় আখ্যা দিয়ে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার জনগণের মধ্যে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানিয়েছে দলটি। এক প্রেস বিবৃতিতে এসইউসিআই (কমিউনিস্ট) দলের অসম রাজ্য কমিটির সম্পাদক চন্দ্রলেখা দাস জানান, শুক্রবার শ্রীভূমি শহরের হিন্দুস্তান ক্লাবের আমন্ত্রণে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বদরপুরের নিকটবর্তী একটি গ্রামের বিহু নৃত্যশিল্পীদের দল। সেই সময় একদল দুষ্কৃতী তাঁদের উপর অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান তিনি।
চন্দ্রলেখা দাস বলেন, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখা উচিত। এর সঙ্গে করিমগঞ্জ জেলার সাধারণ শান্তিপ্রিয় মানুষের কোনও সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে শ্রীভূমি জেলা প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। হামলার সঙ্গে জড়িত সমস্ত অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেপ্তার এবং আইন অনুযায়ী শাস্তি প্রদানের জন্য প্রশাসনের কাছে দাবি জানায় এসইউসিআই (কমিউনিস্ট) দলের রাজ্য কমিটি।

বিবৃতিতে চন্দ্রলেখা দাস আরও বলেন, এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে কোনওভাবেই যেন প্ররোচনা বা বিভ্রান্তির শিকার না হন সাধারণ মানুষ। বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য তিনি সর্বস্তরের মানুষের প্রতি আবেদন জানান।



