বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : শ্রীভূমিতে বিহু দলের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী। বিহুকে অসমের আত্মা, গৌরব ও পরিচয় হিসেবে অভিহিত করে রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি কোনও ধরনের অপমান বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য অসম পুলিশের সঞ্চালক প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী
https://x.com/himantabiswa/status/2114307226349514997

সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘শ্রীভূমিতে বিহু দলের উপর হামলার খবর অত্যন্ত উদ্বেগজনক ও দুর্ভাগ্যজনক। বিহু হল অসমের আত্মা, আমাদের গৌরব ও পরিচয়। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি কোনও ধরনের অপমান আমরা কখনও সহ্য করব না। অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে আমি অসম পুলিশের সঞ্চালক প্রধানকে নির্দেশ দিয়েছি।’’
উল্লেখ্য, শ্রীভূমি জেলায় প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় অংশগ্রহণকারী একটি বিহু দলের শিল্পীদের উপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন বিহু শিল্পী আহত হন। ঘটনার পরিপ্রেক্ষিতে হিন্দুস্তান ক্লাবের ১৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় বিহু পরিবেশনের জন্য আমন্ত্রণ জানিয়ে ওই দলটিকে নিয়ে আসা হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন দলের সদস্যদের সঙ্গে কয়েকজনের প্রথমে বচসা বাধে। পরবর্তী সময়ে বিহু দলের শিল্পীদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় আহত শিল্পীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে বিহু দলটির পক্ষ থেকে পুলিশের কাছে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, ঘটনার তদন্তে নেমে প্রতিমা বহনকারী ট্রাক ও সাউন্ড সিস্টেম-সহ বেশ কয়েকটি সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ।



