প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, বিজেপির বিরুদ্ধে হুমকির অভিযোগ এসইউসিআইর

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : শিলচর পুর কর্পোরেশন নির্বাচনের ৯ নম্বর ওয়ার্ডে এসইউসিআই (কমিউনিস্ট) দলের মনোনীত প্রার্থী আপন লাল দাসের মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের পর দলের কাছাড় জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী এক প্রেস বিবৃতিতে বিজেপির বিরুদ্ধে চাপ সৃষ্টি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন। তবে অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। বিবৃতিতে ভবতোষ চক্রবর্তী অভিযোগ করেন, মনোনয়নপত্র দাখিলের পর বিজেপির কয়েকজন ব্যক্তি আপন লাল দাসের বাড়িতে গিয়ে তাঁকে প্রার্থীপদ প্রত্যাহারের জন্য চাপ দেন। তাঁদের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আপন লাল এবং তাঁর বাবা-মায়ের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি দলের।

এসইউসিআইয়ের দাবি, কথিত হুমকি ও চাপের মুখে ভীত হয়ে আপন লাল শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করেন। দলীয় নীতি ও আদর্শের সঙ্গে এই সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কর্মী-সমর্থকদের নীতি ও আদর্শগতভাবে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। প্রতিকূল পরিস্থিতিতেও সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা জানিয়েছে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *