মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ ২৭ জুলাই : মাদক পাচারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ফের বড় সাফল্য অর্জন করল অসম পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের গুরুত্বপূর্ণ চুড়াইবাড়ি আন্তঃরাজ্য চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় বিপুল পরিমাণ কোডিন ফসফেটযুক্ত নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৩১,৬৫০ বোতল কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৩ কোটি টাকা। ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সোমবার বাজারিছড়া থানার পুলিশ চুড়াইবাড়ি চেকপোস্টে একটি সন্দেহভাজন ইউপি ৫৩ ইটি ৭১৮১ নম্বরের ১৪ চাকাট একটি পণ্যবাহী ট্রাককে থামিয়ে তল্লাশি চালায়। প্রথমে গাড়ির কাগজপত্রে কোনও অসঙ্গতি ধরা না পড়লেও কর্তব্যরত পুলিশ সদস্যদের সন্দেহ হওয়ায় ট্রাকটির প্রতিটি অংশ অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হয়। দীর্ঘ তল্লাশির পর ট্রাকের ভেতরে বিশেষভাবে তৈরি করা গোপন কুঠুরি এবং বৈধ পণ্যের আড়ালে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ কোডিন ফসফেটযুক্ত নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার হয়। পরে সমস্ত বোতল আইনানুগ প্রক্রিয়ায় বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়।
ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্য, সরবরাহকারী, অর্থের উৎস এবং সম্ভাব্য গন্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য অতিক্রম করে ত্রিপুরা হয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। তদন্তকারীদের সন্দেহ, এর পেছনে একটি সুসংগঠিত আন্তঃরাজ্য মাদক পাচারচক্র সক্রিয় রয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস আইন-সহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি এই পাচারচক্রের মূল হোতা ও অন্যান্য সহযোগীদের শনাক্ত করতে তদন্ত আরও জোরদার করা হয়েছে।



