বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : কিশোর-কিশোরীদের মধ্যে উন্নত নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও সাংস্কৃতিক চেতনা গড়ে তোলার লক্ষ্যে কমসোমলের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক শিবিরের সমাপ্তি হয়েছে গুয়াহাটির শ্রী অরবিন্দ স্কুলে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় দুই শতাধিক কিশোর-কিশোরী এই শিবিরে অংশগ্রহণ করে।
গত ১১ সেপ্টেম্বর বিকেল ৫টায় শিবিরের সূচনা হয়। অনুষ্ঠানে এসইউসিআই (কমিউনিস্ট) দলের অসম রাজ্য কমিটির সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য চন্দ্রলেখা দাস পতাকা উত্তোলন করেন। এরপর শহীদ বেদিতে এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার অন্যতম বিপ্লবী, প্রখ্যাত দার্শনিক ও চিন্তাবিদ এবং এসইউসিআই (কমিউনিস্ট)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। শিবিরের বিভিন্ন পর্বে কিশোর-কিশোরীদের সংগঠিত করার লক্ষ্য ও উদ্দেশ্য, দেশ-বিদেশের মনীষীদের জীবন ও সংগ্রাম এবং মানবসমাজের বিকাশ নিয়ে আলোচনা করেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তুষার পুরকায়স্থ এবং রাজ্য কমিটির সদস্য অজয় আচার্য।

শিবিরের শেষ দিনে চন্দ্রলেখা দাস কিশোর-কিশোরীদের যথার্থ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিবদাস ঘোষের চিন্তাভাবনাকে জীবনে প্রয়োগ করার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
শিক্ষামূলক আলোচনার পাশাপাশি শিবিরে শরীরচর্চা, মার্চপাস্ট, খেলাধুলা, সংগীত, নৃত্য ও নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। অংশগ্রহণকারী কিশোর-কিশোরীরা এসব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেয়।



