মানব পাচার ও ডাইনি প্রথার বিরুদ্ধে সচেতনতার বার্তা, পথারকান্দি কলেজ অব এডুকেশনে বিশেষ কর্মসূচি

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৫ আগস্ট :
মানব পাচার, নারী ও শিশু নির্যাতন, শিশুর অধিকার লঙ্ঘন এবং ডাইনি প্রথার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে শ্রীভূমি জেলা মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ এবং পথারকান্দি কলেজ অব এডুকেশনের যৌথ উদ্যোগে বুধবার এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অসম সরকারের মানব পাচার প্রতিরোধ ও ডাইনি প্রথা নির্মূল নীতির আওতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষক-প্রশিক্ষণার্থী, শিক্ষার্থী এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পথারকান্দির সিডিপিও অনির্বাণ শর্মা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও অপরাধ) প্রণব জ্যোতি কলিতা, সার্কল অফিসার আদিতি নুনিসা, লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার শুভজিৎ দে, জেলা মিশন সমন্বয়কারী রূপকথা চক্রবর্তী, জেলা কর্মসূচি সমন্বয়কারী ঈশিতা দাস, জেলা শিশু সুরক্ষা ইউনিটের প্রতিনিধি ইয়াসমিন চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক ও শিক্ষাবিদরা। স্বাগত ভাষণে কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আইনুল হক বলেন, শিক্ষা কেবল পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার অন্যতম মাধ্যম। তিনি ভবিষ্যৎ শিক্ষকদের সমাজে মানবিক মূল্যবোধ ও সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আলোচনায় বক্তারা মানব পাচারের কৌশল, ভুয়া চাকরির প্রলোভন, সাইবার প্রতারণা, বাল্যবিবাহ, শিশুশ্রম, নারী ও শিশু নির্যাতন এবং ডাইনি প্রথার কুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। শিক্ষার্থীদের অপরিচিত ব্যক্তির প্রলোভন বা সন্দেহজনক ঘটনার ক্ষেত্রে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত পুলিশ বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।
প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা মানব পাচার প্রতিরোধ, শিশু সুরক্ষা এবং নারীর নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। অনুষ্ঠানের শেষে শিক্ষক-প্রশিক্ষণার্থীরা মানব পাচার, নারী ও শিশু নির্যাতন এবং ডাইনি প্রথার বিরুদ্ধে সমাজে সচেতনতা গড়ে তোলার শপথ নেন।

বক্তারা বলেন, মানব পাচারের মতো সংগঠিত অপরাধ দমনে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগই পারে নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার করে কলেজ কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *