খোঁজের ফুটবলে সেমিতে সোনাই টাউন একাদশ

Spread the news

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ৩১ মে : খোঁজের ফুটবল টুর্নামেন্টে হাড্ডাহাড্ডি লড়াই করে সেমিফাইনালে পৌঁছে সোনাই টাউন একাদশ। খেলার শেষ মিনিটে সমতায় ফিরে শেষ চারে স্থান করে। শনিবার সোনাই এনজি এইচএস স্কুলের খেলার মাঠে কোয়ার্টার ফাইনাল ম্যাচে সর্বোদয় বিদ্যালয় হাইস্কুল, দিদারকুশকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে তারা। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর ফল নির্ধারণ হয় টাইব্রেকারে।

ম্যাচের ২৯ মিনিটে নকিবুল হাসানের গোলে এগিয়ে যায় দিদারকুশ। দীর্ঘ সময় তারা সেই লিড ধরে রাখলেও শেষ মুহূর্তে ঘুরে দাঁড়ায় সোনাই টাউন একাদশ। ম্যাচের ৫৯ মিনিটে জাহিল লস্কর সমতা ফেরালে নির্ধারিত সময় শেষে স্কোরলাইন দাঁড়ায় ১-১।

পরবর্তীতে টাইব্রেকারে স্নায়ুর চাপ সামলে সোনাই টাউন একাদশ ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে সেমিফাইনালের টিকিট। ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য সোনাই টাউন একাদশের মার্টিন হামারকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়। সীতাংশু দাস, নীলুৎপল ধর, রিধওয়ান খান এবং তাহিরা লস্কর তাঁর হাতে পুরস্কার তুলে দেন। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন টিটু লস্কর, শহিদ চৌধুরী, নসরুল আলম লস্কর এবং হোসেন আহমদ বড়ভূইয়া।

এদিকে, টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বেঙ্গল টাইগার বাগপুর ও মাছখাল এফসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *