মালুগ্রামে জয় রাধে সেবা সমিতি ও দুর্গাবাড়ি ট্রাস্টের যৌথ উদ্যোগে স্বাস্থ্য শিবির, ব্যাপক সাড়া

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ মে : মালুগ্রাম এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার সুবিধার্থে রবিবার মালুগ্রাম ৯ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি ট্রাস্টের আর্যপট্টি প্রাঙ্গণে এক বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। জয় রাধে সেবা সমিতি ও দুর্গাবাড়ি ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে শিশু, মহিলা ও প্রবীণ নাগরিকসহ বিভিন্ন বয়সের প্রায় শতাধিক মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন।

সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া স্বাস্থ্য শিবিরে আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন চিকিৎসকরা। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। আয়োজকদের মতে, মালুগ্রাম এলাকায় দূষিত ও নিম্নমানের পানীয় জলের কারণে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে এই উদ্যোগ গ্রহণ করা হয়। শিবিরে চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়।

স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন উধারবন্দ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজদীপ গোয়ালা। এছাড়াও শিলচরের প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিবির পরিদর্শন করে নিজেও স্বাস্থ্য পরীক্ষা করান এবং আয়োজকদের এই জনহিতকর উদ্যোগের প্রশংসা করেন।
জয় রাধে সেবা সমিতির পক্ষ থেকে সভাপতি জয়দীপ চক্রবর্তী, সহ-সভাপতি অর্চিতেন্দু দাস (কিষাণ), মৌসুমী অধিকারী, পরিমল পুরকায়স্থ, গৌতম রায়, আমির কুমার দাস, অর্জুন পাল, সুবীর ধরসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। শিবিরে রোগীদের টোকেন বিতরণ, সিরিয়াল রক্ষণাবেক্ষণ এবং সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

সমিতির সহ-সভাপতি অর্চিতেন্দু দাস জানান, করোনা-পরবর্তী সময় ও বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় শিলচরের বিভিন্ন এলাকা এবং একাধিক অনাথ আশ্রমে ধারাবাহিকভাবে স্বাস্থ্য শিবির পরিচালনা করেছে জয় রাধে সেবা সমিতি। ভবিষ্যতেও সমাজের সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্বাস্থ্য শিবিরে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, এলাকার মানুষের জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও উপকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *