বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ৩১ মে : মরিগাঁও জেলার লাহরিঘাট থানার অন্তর্গত বরসলায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় অঞ্চলজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে লাহরিঘাট বৈদ্যুতিক উপ-সংমণ্ডলের অধীনস্থ ঠিকাভিত্তিক কর্মরত এক বিদ্যুৎ কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে করুণভাবে মৃত্যু ঘটল। মৃত কর্মচারীর নাম জাকির হোসেন বলে জানা গেছে। বাড়ি ২ নং বরছোলা গ্রামে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ , শনিবার সন্ধ্যা প্রায় সাড়ে সাতটায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জাকির হোসেন বরসলা পুলিশ ফাঁড়ির কাছে অবস্থিত জিও টেলিকম কোম্পানির একটি ট্রান্সফর্মারের ত্রুটি মেরামত করতে একাই যান। মেরামতের কাজ চলাকালীন সময়ে হঠাৎ উচ্চ ভোল্টেজের বিদ্যুৎস্পর্শে এলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বরসলা পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরিগাঁও গুণাভিরাম অসামরিক চিকিৎসালয়ে প্রেরণ করে।
এদিকে, এই করুণ ঘটনাকে কেন্দ্র করে অঞ্চলজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। মৃত জাকির হোসেনের পরিবার ঘটনাটির নিরপেক্ষ ও সঠিক তদন্ত দাবি জানিয়েছে। বিদ্যুৎ বিভাগের ফিডার ম্যানেজার চম্বিত বরা এবং লাইনমেন ভুপেন শইকিয়ার গাফিলতির কারণেই ঠিকাভিত্তিক কর্মী তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের লোকেরা।



