মন্ত্রীকে নিয়ে বাহনের র‍্যালি নয়, পদযাত্রা করবে শ্রীভূমি জেলা বিজেপি, জোরদার প্রস্তুতি

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ জুন : মন্ত্রীকে স্বাগত জানাতে বাহনের র‍্যালি নয়, পদযাত্রার আয়োজন করছে শ্রীভূমি জেলা বিজেপি। কৃষ্ণেন্দু পাল অসম সরকারের দ্বিতীয়বারের মন্ত্রী হিসেবে নিজ জেলায়  প্রথম পা রাখছেন ১৪ জুন। তাঁর আগমনকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে জেলার বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে। মন্ত্রীর আগমন উপলক্ষে বুধবার জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক-সহ দলের বিভিন্ন পদাধিকারী ও কর্মীরা। জেলা সভাপতি জানান, মন্ত্রী আগমন গিরে কোনও ধরনের পেট্টোল বা ডিজেল চালিত যান ব্যবহার করা থেকে বিরত থাকবে বিজেপি। কেনো না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে এসময় যানবাহন, মোটর সাইকেল র‍্যালি আয়োজন থেকে বিরত থাকছেন তাঁরা। তিনি বলেন, শ্রীভূমি জেলা বিজেপির উদ্যোগে শহরের উপকণ্ঠে শরিষা পেট্রোল পাম্প এলাকা থেকে মন্ত্রীকে বরণ করে নেওয়া হবে। পরে হাজারো কর্মী-সমর্থকের উপস্থিতিতে এক বর্ণাঢ্য পদযাত্রা শহরের প্রধান সড়ক অতিক্রম করে জেলা বিজেপি কার্যালয় হয়ে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে পৌঁছাবে। সেখানে জেলা বিজেপির পক্ষ থেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হবে।

এদিন মন্ত্রীর সফরসূচি এবং সংবর্ধনা কর্মসূচির বিস্তারিত তুলে বলেন, প্রাথমিকভাবে মন্ত্রীর ১১ অথবা ১২ জুন শ্রীভূমিতে আসার কথা থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সফল কার্যকালের বিভিন্ন দলীয় কর্মসূচি এবং দিসপুরে নিজ দপ্তরের সরকারি ব্যস্ততার কারণে সফরসূচিতে পরিবর্তন আনা হয়েছে। সেই অনুযায়ী আগামী ১৪ জুন তিনি গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শিলচর বিমানবন্দরে পৌঁছাবেন। শিলচরে পৌঁছে মন্ত্রী প্রথমে উধারবন্দের কাঁচাকান্তি মন্দিরে পূজা-অর্চনা করবেন। এরপর কাছাড় চা শ্রমিক ইউনিয়নের একটি সভায় উপস্থিত হওয়া পাশাপাশি   শিলচর জেলা বিজেপির কার্যালয়ে আয়োজিত দলীয় কর্মসূচি ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। সেখান থেকে সড়কপথে শ্রীভূমি জেলার উদ্দেশে রওনা হবেন তিনি। এরপর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলা সদর এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত একাধিক সংবর্ধনা সভায় অংশ নেবেন মন্ত্রী। বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও সংবর্ধনা গ্রহণের পর তিনি কানিশাইলস্থিত নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। পরদিন, অর্থাৎ ১৫ জুন, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তাঁর নিজ বিধানসভা কেন্দ্র পাথারকান্দির উদ্দেশে রওনা হবেন এবং সেখানে বিভিন্ন উন্নয়নমূলক ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানান জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *