বরাক তরঙ্গ, ২৫ মে : মেঘালয়ের শিলং শহরের বিশিষ্ট পেশাদার মেকআপ শিল্পী মুন্নি পাল-কে সৌন্দর্য ও মেকআপ শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ “যুব দর্পণ এক্সেলেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬”-এর জন্য মনোনীত করা হয়েছে।
দীর্ঘ সাত বছরেরও বেশি সময় ধরে মেকআপ শিল্পের সঙ্গে যুক্ত মুন্নি পাল বর্তমানে শিলং তথা উত্তর-পূর্ব ভারতের অন্যতম পরিচিত মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ব্রাইডাল মেকআপ, ফ্যাশন মেকআপ এবং প্রফেশনাল বিউটি সার্ভিসে তাঁর দক্ষতা ও সৃজনশীলতা ইতিমধ্যেই বহু মানুষের প্রশংসা কুড়িয়েছে।
তিনি “মুন’স মেকওভার”-এর প্রতিষ্ঠাতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে “দিবিয়াঙ্কা’স মেকওভার” নামেও ব্যাপক পরিচিতি লাভ করেছেন। সৌন্দর্যচর্চার পাশাপাশি নতুন প্রজন্মের তরুণীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন তিনি। ইতিমধ্যেই বহু শিক্ষার্থী তাঁর কাছ থেকে পেশাদার মেকআপ প্রশিক্ষণ গ্রহণ করে আত্মনির্ভরতার পথে এগিয়ে গিয়েছেন।
মুন্নি পাল বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে পেশাদার প্রশিক্ষণ ও সার্টিফিকেশন অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল রাজীব ভৌমিক মেকআপ একাডেমি, রিম্পি’স মেকআপ অ্যাকাডেমি শিলং, আরবান কালার কসমেটিকস লন্ডন, জাওয়েদ হাবিব এডুকেশন সহ আরও একাধিক খ্যাতনামা প্রতিষ্ঠান।
তাঁর অসাধারণ কাজের স্বীকৃতিস্বরূপ তিনি “বেস্ট মেকআপ আর্টিস্ট অ্যাওয়ার্ড” লাভ করেন। পাশাপাশি ভিভিএন এন্টারটেইনমেন্ট-এর পক্ষ থেকেও “গেস্ট অফ অনার” সম্মাননায় ভূষিত হন।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মুন্নি পাল জানান, “সৌন্দর্য শুধু বাহ্যিক রূপ নয়, এটি আত্মবিশ্বাস গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম। আমি চাই নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা এই শিল্পের মাধ্যমে নিজেদের দক্ষতা বিকাশ করে আত্মনির্ভর হয়ে উঠুক।”
আগামী ৩১ মে গুয়াহাটিতে অনুষ্ঠিতব্য “যুব দর্পণ এক্সেলেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬” অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হবে। সেই মঞ্চেই সম্মানিত করা হবে মুন্নি পলকেও।
তাঁর এই মনোনয়নে শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং গ্রাহকদের মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, মুন্নি পলের এই সাফল্যের যাত্রা আগামী দিনেও অসংখ্য তরুণ শিল্পীকে অনুপ্রাণিত করবে।



