জেদ্দায় সৌদি যুবরাজের সঙ্গে শেহবাজের বৈঠক, জোর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে

Spread the news

১৬ এপ্রিল : পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সৌদি আরব সফরে গিয়ে জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমান-এর সঙ্গে বৈঠক করেছেন। বুধবার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে সৌদি আরবে পৌঁছানোর পর এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) জানিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার।
ইশহাক দার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে জানান, বৈঠকটি আন্তরিকতা ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শক্তিশালী পাকিস্তান-সৌদি অংশীদারিত্বের অভিন্ন লক্ষ্যই ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তিনি বলেন, প্রধানমন্ত্রী দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন, যা বিশ্বাস, আস্থা ও পারস্পরিক শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত।

বৈঠকে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইশহাক দার আরও উল্লেখ করেন, সৌদি আরব পাকিস্তানের জনগণের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে এবং এই ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সুদৃঢ় করতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে জেদ্দায় পৌঁছালে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে স্বাগত জানান মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ, সৌদি আরবে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আহমেদ ফারুক এবং পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নওয়াফ বিন সাইদ আল-মালকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *