অসম মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বনাঞ্চল সম্প্রসারণে নতুন উদ্যোগ স্থাপনের অনুমোদন

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত অসম মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের শিক্ষা, বনাঞ্চল, শিল্প, স্যাটেলাইট সিটি, নগর প্রশাসন ও পরিকাঠামো উন্নয়ন-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রিসভার বৈঠকের পরই মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমের ‘এক্স’ হ্যান্ডেলের মাধ্যমে সিদ্ধান্তগুলির কথা জানান।

মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি হলো— বনাঞ্চলের পরিধি বৃদ্ধির উদ্যোগ
রাজ্যে বনাঞ্চলের পরিধি বাড়ানোর লক্ষ্যে কয়েকটি এলাকাকে প্রস্তাবিত সংরক্ষিত বনাঞ্চল হিসেবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এলাকাগুলি হলো—
শোণিতপুর জেলার বুঢ়াচাপরি ৬ নম্বর প্রস্তাবিত সংরক্ষিত বনাঞ্চল (১২.৪৯ হেক্টর)।

হোজাই জেলার নখুঁটি ননকে প্রস্তাবিত সংরক্ষিত বনাঞ্চল (৫.৬ হেক্টর)।

নতুন শিল্প স্থাপনে বিশেষ প্রণোদনা
রাজ্যে শিল্পের বিকাশ ত্বরান্বিত করার লক্ষ্যে কাছাড় জেলার পাঁচগ্রামে ১০১ কোটি টাকা ব্যয়ে শিল্পপ্রকল্প স্থাপনের জন্য গডরেজ অ্যাগ্রোভেটকে বিশেষ প্রণোদনা প্রদানের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একইভাবে, ১৫২ কোটি টাকা ব্যয়ে প্রকল্প স্থাপনের জন্য গ্যাংওয়েল হেলথকেয়ারকেও বিশেষ প্রণোদনা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গুয়াহাটি স্যাটেলাইট সিটির সীমানা নির্ধারণে অনুমোদন
গুয়াহাটি স্যাটেলাইট সিটি উন্নয়ন এলাকা ঘোষণা এবং তার সীমানা নির্ধারণের জন্য প্রয়োজনীয় অঞ্চল চূড়ান্ত করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

নগর প্রশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ
নগর প্রশাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দরং জেলার দলগাঁও এবং যোরহাট জেলার বরহলায় নতুন পুরসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উন্নয়নমূলক কাজের জন্য জমি বরাদ্দ
খারুপেটিয়ায় বিদ্যালয়, ছাত্রাবাস এবং অন্যান্য সুযোগ-সুবিধা গড়ে তোলার জন্য রামকৃষ্ণ মিশনকে ৫০ বিঘা জমি বরাদ্দের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এছাড়া ডিব্রুগড়ের বগিবিলে পর্যটন, কার্গো আইল্যান্ড এবং অভ্যন্তরীণ জলপথ পরিবহণ টার্মিনাল স্থাপনের উদ্দেশ্যে ৬০ বিঘা জমি বরাদ্দের সিদ্ধান্তেও অনুমোদন জানানো হয়েছে।

১২টি নগর স্থানীয় সংস্থার সীমানা পুনর্নির্ধারণ
রাজ্যের ১২টি নগর স্থানীয় সংস্থার এলাকা সম্প্রসারণ, ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ এবং পুনর্গঠনের প্রস্তাবেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই তালিকায় রয়েছে— তেজপুর, ঢেকিয়াজুলি, নগাঁও জেলার ধিং, যোরহাট জেলার মরিয়নি ও তিতাবর, বঙাইগাঁও, গোলাঘাট জেলার বোকাখাত ও বরপথার, ধেমাজি জেলার শিলাপাথর, তিনসুকিয়া, মার্ঘেরিটা এবং শ্রীভূমি জেলার পাথারকান্দি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *