৮ জুন : ইজরায়েলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক গাড়ি লক্ষ্য করে একযোগে মিসাইল হামলা করেছে ইরান। ইরানের বিভিন্ন মিসাইল সিটি থেকে এই হামলা করা হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। লেবাননের রাজধানী বৈরুতে হামলা হলে যুদ্ধবিরতি মানবে না বলে আগাম সতর্ক করেছিল ইরান। আজ ইজরায়েল বৈরুতে হামলার পর এই পাল্টা হামলা চালালো দেশটি।
আইআরজিসির বরাতে জানা গেছে, লেবাননের রাজধানী বৈরুতে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জবাব দিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে উত্তর ইজরায়েলে।
ইজরায়েলের স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ১১ টার দিকে ঘটেছে এ হামলা। কতগুলো ক্ষেপণাস্ত্র ইরান ছুড়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি; তবে আইডিএফ জানিয়েছে উত্তর ইজরায়েলের অনেক জায়গায় ক্ষেপণাস্ত্র সতর্ক অ্যালার্ম বেজেছে।
পরে আইডিএফ জানিয়েছে, উত্তর ইজরায়েলকে লক্ষ্য করে কমপক্ষে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এবং এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সবগুলোকে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলা সম্ভব হয়েছে।



